ডেমরার অপহৃত গার্মেন্টকর্মী রূপগঞ্জে উদ্ধার: গ্রেফতার ১
ডেমরা নিউজঃ ডেমরা থেকে ১৬ বছরের অপহৃত এক গার্মেন্টকর্মীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে রূপঞ্জের বরপা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মো. আরিফ হোসেনকে (২১) গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। ওই দিন দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়। ওই দিন অপহৃতকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যায় পুলিশ। গ্রেফতার আরিফ চাঁদপুরের কচুয়া থানার রহিমা নগর গ্রামের মো. জামাল মিয়ার ছেলে। বর্তমানে তারা বামৈল পূর্বপাড়া কেরু সোহেলের বাড়ীর ভাড়াটিয়া। এ ঘটনায় ভুক্তভোগীর মামা রোববার গ্রেফতার আরিফের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।
অপহৃত ও তার পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মোহাম্মদ শরিফুজ্জামান বলেন, গার্মেন্টে যাওয়ার পথে প্রতিনিয়ত আরিফ মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। এদিকে প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করায় আরিফ মেয়েটির ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে গত ১৫ আগস্ট শনিবার সকালে গার্মেন্টে যাওয়ার পথে আরিফ পূর্ব পরিকল্পিতভাবে ওই গার্মেন্টকর্মীকে অপহরণ করে। এদিকে নির্দিষ্ট সময়ে মেয়েটি বাসায় না আসায় এ বিষয়ে অপহৃতের মামা ডেমরা থানায় যোগাযোগ করেন।

You must be logged in to post a comment.