ডেমরায় অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
ডেমরা নিউজঃ ডেমরায় অনুমান ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার ভোর ৪ টার দিকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট নিহতের পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ সংগ্রহ, ডিএনএ নমুনা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন। সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ভুট্টু চত্তর সড়কে বৃষ্টির পানিতে ভাসমান অবস্থায় ওই নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের বাম দিকে মাথার খুলি ভেঙ্গে মগজ বেরিয়ে পড়তে দেখা গেছে। পাশাপাশি মুখমন্ডলে গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে মাংস খোলে পড়া অবস্থায় দেখা যায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন রাতের বেলা বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকার ও বৃষ্টিতে কোন যানবাহন ওই নারীকে সড়কে সজোরে ধাক্কা দিয়ে হিচড়ে ফেলে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ওমর ফারুক মোল্লা বলেন, অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শনাক্তের জন্য মরদেহ ৩ দিন মর্গে রাখার ব্যবস্থাও করা হয়েছে। পরিচয় মিললে মৃতের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে, অন্যথায় পুলিশ ব্যবস্থা নিবে।

You must be logged in to post a comment.