জাতীয়

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের চেষ্টা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে নূরজাহান বেগম বলেন, জনগণ যদি বলে কালকে আপনারা দায়িত্ব দিয়ে চলে যান আমরা চলে যাব। আমরা দায়িত্ব নিয়ে আসছি, দায়িত্ব পালন করতে আসছি। জনগণ চাইলে আমরা থাকব, জনগণ না চাইলে চলে যাব।

তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ বলে দিয়েছেন, যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার চেষ্টা করব। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে; জনগণ যদি মনে করে আমাদের আরও কিছুদিন কাজ করে যেতে হবে। সেখানেই উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, জুন পর্যন্ত। এই হচ্ছে আমাদের লেস্টেস।

এছাড়া দেশের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে- মন্তব্য করে উপদেষ্টা বলেন, আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে। আমরা যদি সত্যি সত্যি ভালোভাবে মেডিকেল কলেজগুলো করতে পারতাম, ভালো ডাক্তার তৈরি করতে পারি। আমাদের ডাক্তারা কিন্তু প্রমাণ করেছে, কোভিডকালে আমরা কিন্তু কোথাও যাইনি। বাংলাদেশের ডাক্তারাই কিন্তু চিকিৎসা করেছে।

এসময় সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা।