ডিএসইতে সাড়ে চার বছরে সর্বোচ্চ অবস্থানে সূচক
মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। দুই শেয়ারবাজারেই বেড়েছে লেনদেন। আর ডিএসইতে গত সাড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়েছে এর ব্রড ইনডেক্স। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান।
এদিকে আজ ডিএসইতে লেনদেন আবার হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ১০২ কোটি ৫৮ লাখ টাকা বেশি।
দিনশেষে আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১২১ পয়েন্টে।
আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, বিবিএস ক্যাবলস্ লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড এবং আর্গন ডেনিমস লিমিটেড।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ারের দর।

You must be logged in to post a comment.