কোনাপাড়ায় কিশোরীসহ দুজনের মরদেহ উদ্ধার
ডেমরা নিউজ:ডেমরায় ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি অফিস কক্ষ থেকে কিশোরীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ধার্মিকপাড়া মিনি কক্সবাজার নামে পরিচিত বটতলা মোতালেব চত্বর এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী ও আরেক জন ২৬ বছর বয়সী রাহিম নামে এক যুবক। এ ঘটনায় অচেতন অবস্থায় ওই প্রতিষ্ঠানের কেয়ারটেকার সাজু ওরফে মাইকেল (২৫) নামে একজনকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য উদ্ধার হওয়া ওই লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের এলাকাটি যাত্রাবাড়ী থানায় পড়েছে। এদিকে লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট আঙুলের ছাপ, ডিএনএসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনাপাড়া এলাকার একটি কক্ষ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন কিশোরী ও একজন যুবক। ঘটনাস্থল থেকে বিয়ারের ক্যান জব্দ করা হয়েছে। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত ১২ টা থেকে থেকে শুক্রবার ভোর ৬ টার মধ্যে যে কোনো সময় তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঐ রুমে তারা এলকোহল পান করেছিল যার আলামত পাওয়া গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।

You must be logged in to post a comment.