leadnewsজাতীয়

কোনও মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

রাজধানীতে কোনও মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রবিবার বিকালে রাজধানীর নিউ মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘চলমান মাদকবিরোধী অভিযান চলবে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন। ঢাকা মহানগরীতে কোনও প্রকার মাদকের আস্তানা থাকবে না। অভিযানের মাধ্যমে সব মাদকের আস্তানা গুড়িয়ে দেয়া হবে। অভিযান চলাকালে কোনও নিরপরাধ মানুষ যাতে হয়রানীর শিকার না হয় সেদিকও খেয়াল রাখা হচ্ছে। কাউকে যদি এমন হয়রানী করা হয় আমাদের জানাবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’

যানজট নিরসনে করতে পুলিশ সদস্যরা রাস্তায় ইফতার করছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রতিদিন আমাদের ৬০০ পুলিশ সদস্য যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। প্রতিদিন তারা রাস্তায় ইফতার করছে। আমরা চাঁদরাত পর্যন্ত কাজ করব। এছাড়া ঈদগাঁহগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যাতে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘রমজানে দোকান মালিক, ক্রেতা ও প্রশাসনের সমন্বিত নিরপত্তার কারণে রাজধানীতে কোন ধরণের চুরি, ছিনতাইয়ের সংবাদ আসেনি। সেহরি পর্যন্ত অনেকে স্বাচ্ছন্দে মার্কেটে কেনাকাটা করতে পারছে; কারণ নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় অনেক ভালো।’

এর আগে ডিএমপি কমিশনার পুলিশের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন।