এবারও জেএসসি পরীক্ষা হবে না
চলতি বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা নেয়া হবে না। এখন আর এ পরীক্ষা নেয়ার সময় ও প্রয়োজন নেই। সে কারণে এবার ক্লাস মূল্যায়নের মাধ্যমে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।
এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন ডা. দীপু মনি। শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তির ঘোষণাটি আসার কথা ছিল গত মার্চে। এরপর বলা হয় মে মাসে আসবে। অবশেষে জুন মাসের শুরুতে এমপিওভুক্তির ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খানসহ অনেকে।
প্রসঙ্গত, করোনার কারণে ২০২০ ও ২০২১ খ্রিষ্টাব্দে হয়নি জেএসসি পরীক্ষা। আর নতুন কারিকুলাম অনুযায়ী ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে থাকছে না এ পরীক্ষা। প্রতি বছরই নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। সবশেষ ২০১৯ খ্রিষ্টাব্দে প্রায় ২৭ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

You must be logged in to post a comment.