ইন্দোনেশিয়ায় তিন গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ১১
ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার সকালে জাভা দ্বীপের উপকূলীয় শহর সুরাবায়ায় এসব হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।
স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এই বোমা হামলাগুলো হয়। হামলা তিনটি কয়েক মিনিটের ব্যবধানে সংঘটিত হয়।
পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাঙ্গেরা জানান, কয়েক মিনিটের মধ্যে হামলাগুলো চালানো হয়। এসব হামলায় আহত দুই পুলিশসহ ৪০ জনের বেশি মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
ফ্রান্স বারুং মাঙ্গেরা বলেন, সান্তা মারিয়া ক্যাথলিক চার্চে হামলায় চারজন এবং অন্য দুটি চার্চে হামলায় দুইজন করে নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনতারা জানিয়েছে, সান্তা মারিয়া গির্জায় সকাল সাড়ে সাতটায় প্রথম হামলার ঘটনা ঘটে। এছাড়া সকাল ৭টা ৩৫ মিনিটে দ্বিতীয়টি এবং সকাল আটটায় শেষ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত হয়ে জেএডি নামের একটি জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছে।
হামলার নিন্দা জানিয়েছে দেশটির সরকার। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সমবেদনাও জানানো হয়েছে।
হামলার পর সুরাবায়া শহরের সব গির্জা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। এছাড়া একটি বড় ফুড ফেস্টিভ্যাল বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

You must be logged in to post a comment.