অস্ট্রেলিয়ায় এই প্রথম দাবানল নিয়ন্ত্রণে তিন হাজার সেনা
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে তিন হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। এছাড়া দাবানল নিয়ন্ত্রণে ২০ মিলিয়ন ডলার বরাদ্ধ করা হয়েছে।
বিবিসি জানায়, শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দাবানল ভয়াবহ রূপ ধারণ করে সব গ্রাস করে নিচ্ছে। আগুন মোকাবেলায় দেশজুড়ে তিন হাজার সেনা মোতায়েন করা হবে। এছাড়া চারটি পানি-ছিটানো বিমানের ব্যবহার আরও জোড়দার করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সেনা মোতায়েনের ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে এ প্রথম ঘটেছে।
সম্প্রতি দেশটির নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে এক ডজনেরও বেশি দাবানলে ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানল থেকে রক্ষা পেতে আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ সেখানকার সমুদ্র উপকূলের দিকে পালিয়েছে।
দাবানলের কারণে স্থানীয় প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে কোয়ালা, কারণ এই প্রাণীগুলো ধীরে ধীরে চলাচল করে এবং ইউক্লিপটাস গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। আর এই গাছ অতিমাত্রায় দাহ্য। ফলে খুব দ্রুত গাছগুলো পুড়ে যায়।
আশঙ্কা করা হচ্ছে, চার মাসে দাবানলে অন্তত আট হাজার কোয়ালা মারা গেছে। যা ওই অঞ্চলের মোট কোয়ালার এক তৃতীয়াংশ।
১৩টি সংগঠনের স্ট্যান্ড আপ ফর ন্যাশার নামের একটি জোট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, এই দাবানলের প্রভাব হচ্ছে মারাত্মক। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্ভবত কখনওই জানা যাবে না। তবে এটা নিশ্চিতভাবে কোটি কোটি হবে।

You must be logged in to post a comment.