সন্ধ্যায় তফসিল ঘোষণা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
জানা গেছে, জাতির উদ্দেশে দিতে যাওয়া সিইসির ভাষণ ১০ থেকে ১২ মিনিট দীর্ঘ হতে পারে।
ভাষণে সিইসি কে এম নূরুল হুদা সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানাবেন বলে জানা গেছে। একইসঙ্গে তিনি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কমিশনের দৃঢ়তা প্রকাশ করবেন। এক্ষেত্রে তিনি রাজনৈতিকদল, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাইবেন।
পাশাপাশি রিটার্নিং, সহকারি রিটার্নিং ও ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেবেন। দায়িত্বে ব্যর্থতা, গাফলতি ও শৈথিল্য প্রদর্শন করলে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি থাকবে সিইসির ভাষণে।
পরে এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণের আগে বেলা ১১টায় নির্বাচন কমিশনের সভা বসবে।এর আগে গত ৪ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত ছিল। সেদিন সার্বিক বিষয় বিবেচনা করে ৮ নভেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। প্রথানুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন।ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার ৪৫ দিন পর ভোটগ্রহণ করার পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে ছুটির দিন ভোটগ্রহণ হবে না, এটি বিবেচ্য হবে না। হিসাব করলে দেখা যায়, ৪৫ দিন পর হয় ২২ ডিসেম্বর। সেদিন শনিবার। আর ২৩ ডিসেম্বর হয় ৪৬তম দিন। এদিন রোববার।
শেয়ার করুনঃ

You must be logged in to post a comment.