leadnewsজাতীয়

সততার সঙ্গে সেনা সদস্যদের দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

মানুষের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সেনাবাহিনীর নবীন সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয় সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কল্যাণে সর্বদা কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে সেনা সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। দুর্যোগ দুর্বিপাকসহ সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে দেশের উন্নতিতে নিজেদের নিয়োজিত করতে হবে। নবীন সেনা সদস্যদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীতে নারী সদস্যদের নিয়োগ দিয়েছে যা যুগান্তকারী পদক্ষেপ। দেশকে আরও এগিয়ে নিতে নবীন সেনাসদস্যদের আহবানের পাশাপাশি তাদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।