লিবিয়ায় সংঘাতে নিহত ৩২, অভিযান বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের
লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে খালিফা হাফতারের সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত ও অর্ধশতাধিক জন আহত হয়েছে। জাতিসংঘ সমর্থিত সরকার একথা জানিয়েছে। লিবিয়ায় সামরিক অভিযান ‘দ্রুত বন্ধের’ আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা এএফপির।
রবিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী আহমিদ ওমর লিবিয়ার আল আহরার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে মৃতের এ সংখ্যার কথা উল্লেখ করেন। হাফতারের বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত তাদের ১৪ যোদ্ধা নিহত হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে যুদ্ধ চলায় গভীরভাবে উদ্বিগ্ন এবং খলিফা হাফতারের সামরিক অভিযান দ্রুত বন্ধের আহ্বান জানাচ্ছে।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করতে চাই যে, আমরা খলিফা হাফতারের বাহিনীর চালানো সামরিক অভিযানের বিরোধী এবং আমরা লিবিয়ার রাজধানীর কাছে এই সামরিক অভিযান দ্রুত বন্ধের আহ্বান জানাচ্ছি।’
লিবিয়ায় মোয়াম্মের গাদ্দাফিকে ২০১১ সালে উৎখাতের সময় থেকে দেশটি চরম বিশৃংখলার মধ্যে পড়ে। আর এর পর থেকে দেশটির পূর্বাঞ্চলে ত্রিপোলি ভিত্তিক বিভিন্ন কর্তৃপক্ষ এবং হাফতারের সমর্থকদের মধ্যে তীব্র বিরোধ চলছে।
রাজধানী দখলে হাফতার সামরিক অভিযান শুরুর তিনদিন পর রোববার ত্রিপোলির দক্ষিণে প্রচন্ড লড়াই হয়। বর্তমানে জাতিসংঘ সমর্থিত একটি সরকারি ইউনিট এবং মিলিশিয়া বাহিনীর হাতে রাজধানীর নিয়ন্ত্রণ রয়েছে।

You must be logged in to post a comment.