leadnewsঅপরাধ

রূপগঞ্জে র‌্যাব-১ এর অভিযানে স্কুলছাত্র হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার

জাহাঙ্গীর আলম হানিফ ঃ দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র কামরুল হাসান হৃদয় হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী মুরাদ হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বুধবার বিকালে র‌্যাব-১ সিপিসি-৩ এর রূপগঞ্জের পূর্বাচল শিমুলিয়া এলাকার ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মুরাদ হোসেন রাব্বিকে গাজীপুরের জয়দেবপুর হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুরাদ হোসেন রাব্বি ওরফে টেলি রাব্বি ঢাকার উত্তরখান থানার বড়বাগ এলাকার বাদল হোসেনের ছেলে।
র‌্যাব -১ এর লেঃ কর্ণেল মোঃ সারওয়ার বিন কাশেম জানান, নিহতের মা লাবনী বেগম বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ২১ মার্চ রাজধানীর উত্তরখান থানাধীন রাজবাড়ী বাহারটেক এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিগবস গ্রুপ ও কাশ্মীরি গ্রুপের মধ্যে সংঘর্ষে কামরুল হাসান হৃদয় (১৫) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত কামরুল হাসান হৃদয় নোয়াখালি জেলার সেমবাগ থানার বাবু-শ্রীপুর এলাকার কামাল হোসেনের ছেলে। সে দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।