রূপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো আরো অর্ধশত স্থাপনা
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্নবাসন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডবিলউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। শীতলক্ষ্যা নদীকে অবৈধ দখলমুক্ত করতে তৃতীয় দিনের মতো বুধবার ১৭ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে এ অভিযান চালানো হয়। দ্বিতীয় দিনের অভিযানে ৬টি পাকা বহুতল ভবন, ৫টি আধাপাকা বসতবাড়িসহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপ্তিময়ী জামানের নেতৃত্বে এবং বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো: গুলজার আলী ও উপ পরিচালক মো: শহীদুল্লাাহ’র তত্বাবধায়নে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়। এসময় বিআইডব্লিউটিএ’র জাহাজ অগ্রনী, একটি টাগ বোট, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক উচ্ছেদকর্মী উপস্থিত ছিল।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ন-পরিচালক মো: গুলজার আলী জানান, উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসন, ভূমি কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ’র যৌথ সমন্বয়ে নদীর সীমানা সংক্রান্ত পুন:জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। সে আলোকে পুণরায় সীমানা পিলার স্থাপন করতে নদীর জায়গা দখলমুক্ত করা হচ্ছে। নদীর সীমানার দেড়শ ফুট পর্যন্ত এলাকায় উচ্ছেদ চলবে। গত ৩ দিনে বেশ কিছু বহুতল ভবনসহ প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে শীতলক্ষ্যার তারাব সুলতানা কামাল সেতু থেকে কাঞ্চন সেতু পর্যন্ত উভয় তীরে উচ্ছেদ অভিযান চলবে। তিনি আরো জানান, শীতলক্ষ্যা নদীর ৫০১১টি আপত্তিকৃত সীমানা পিলার পুনঃস্থাপনে ইতিমধ্যে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। নতুন সীমানা পিলার ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট হবে। এছাড়া সরকার ঢাকার চারিপাশের ২১০ কিলোমিটার নদীপথ রক্ষায় ওয়াকওয়ে বনায়ন করছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জে ২৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মিত হয়েছে। আরো ১৭ কিলোমিটার ওয়াকওয়ের নির্মাণকাজ শীঘ্রই শুরু হবে।

You must be logged in to post a comment.