বিয়ের দু’মাসেই প্রকাশ্যে নেহার বেবি বাম্প
গেল অক্টোবরে বিয়ে করেছেন বলিউডের এই সময়ের সবচেয়ে সুপারহিট গায়িকা নেহা কাক্কর। দুই মাস না যেতেই শোনালেন খুশির খবর। তাদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।
সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে একটি ছবি শেয়ার করেন নেহা। সেখানে নীল রঙের জিনসের জাম্প স্যুট পড়ে হাসিমুখে দাঁড়িয়ে গায়িকা। ভালোবেসে তাকে ছুঁয়ে রয়েছেন রোহনপ্রীত। দুজনের মুখেই উচ্ছ্বাস।
তবে এসব কিছুকে ছাপিয়ে নজর কেড়েছে নেহার বেবি বাম্প। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমার খেয়াল রাখ।’ অর্থাৎ সরাসরি কিছু না বলেও গায়িকা জানিয়ে দিলেন যে তিনি মা হতে চলেছেন।
অন্যদিকে, নেহার ওই পোস্টের উত্তরে স্বামী রোহনপ্রীত লিখলেন, ‘এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে’। হবু বাবার দায়িত্ব যে বেশ খানিকটা বাড়ল, তা তিনি এখনই বেশ ভালোই বুঝতে পারছেন।
গত আগস্টে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় নেহার সঙ্গে পরিচয় হয় রোহনের। প্রথম দেখাতেই প্রেম। বেশিদিন অপেক্ষা না করে অক্টোবরেই চণ্ডীগড়ে বিয়ে সারেন তারা। এর কিছুদিন পরই হানিমুন করতে উড়ে যান দুবাইতে।

You must be logged in to post a comment.