‘বিএনপি বহতা নদী’, ফখরুলের বক্তব্যের জবাবে যা বললেন তথ্যমন্ত্রী
’বিএনপি বহতা নদীর মত’-দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি (বিএনপি মহাসচিব) যে বহতা নদীর কথা বলছেন বিএনপি একসময় বহতা নদীই ছিল। সেই বহতা নদী এখন শুকিয়ে গেছে, মরে গেছে।
সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নব নির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির দুই নেতার পদত্যাগের পর দলটির মহাসচিব ফখরুল বলেছিলেন, বিএনপি বহতা নদীর মতো। এ বিষয়ে হাছান মাহমুদ বলেছেন, মিস্টার আলমগীর সাহেব কয়েকদিন আগে পলায়ন নিয়ে কিছু কথা বলেছেন। বিএনপি থেকে যেভাবে দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য পদত্যাগ করল তা দেখে মনে হচ্ছে বিএনপি থেকে এখন পলায়ন শুরু হয়েছে।
এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক, সহ সভাপতি মোতাহার হোসেন, সহ সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক সাইফুল্লাহ সুমন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহীদুল ইসলাম, দফতর সম্পাদক মোশকায়েত মাশরেক, প্রচার ও প্রকাশন সম্পাদক বাহারাম খান ও কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।


You must be logged in to post a comment.