বাউফলে টাকা চুরি’র ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে টাকা চুরি’র ঘটনাকে কেন্দ্র করে মোঃ আলমগীর হোসেন(৩২) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মাধবপুর গ্রামের জয়নাল আবেদীন হাওলাদারের ছেলে আমগীরের সঙ্গে একই বাড়ীর মোঃ আবুল হাওলাদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৪/৫ দিন আগে আবুলের স্ত্রী রুনু বেগমকে আলমগীরের ঘর থেকে বের হতে দেখেন আলমগীর। ওই সময়ে আলমগীরের ঘরের কেউ ছিল না। পরে আলমগীর ঘরে ঢুকে তাঁর ড্রয়রের ভিতরে থাকা ১০ হাজার টাকা খুজে পাচ্ছিল না। টাকা হারানোর ঘটনায় আবুলের স্ত্রীকে সন্দেহ করেন আলমগীর। আজ (সোমবার) সকালে নিজ বাড়ীর মসজিদের সামনে ওই টাকা চুরি’র ঘটনাকে কেন্দ্র করে আলমগীরের সঙ্গে আবুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল ও তাঁর ছেলে রিয়াজ(২৮) দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে আলমগীরকে। পরে আলমগীরের ভাই আঃ ছালাম তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আল মামুন বলেন, ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাচ্ছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


You must be logged in to post a comment.