বঙ্গবন্ধুর স্বপ্ন এখন বাস্তবায়নের পথে :বস্ত্র ও পাট মন্ত্রী
জাহাঙ্গীর আলম হানিফ: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।’
বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সিটি গ্রুপের সিটি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করেন । অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরও বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে একে পর এক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের আগেই উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ।’
রূপগঞ্জের উন্নয়নে বিশেষ নজর রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘এসব অর্থনৈতিক অঞ্চলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। দেশে বেকারত্ব দূর হবে। স্থানীয় লোকজনসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এসব অর্থনৈতিক অঞ্চলে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবে। এলাকার উন্নয়ন হবে।’
এ সময় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান সিটি ইকোনমিক জোন সর্ম্পকে বলেন, ‘সিটি অর্থনৈতিক অঞ্চলটি হলে প্রাথমিকভাবে কর্মসংস্থান হবে ৩ হাজার লোকের। পরবর্তী ৫ বছরে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে। তিন বছরের মধ্যেই সেখানে সিটি ইকোনমিক জোন তৈরি হবে। চলতি বছরে এ অঞ্চলে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। সিটি অর্থনৈতিক অঞ্চলের মূল লক্ষ্য ২০২৩ সালের মধ্যে ইকোনমিক জোনে শতভাগ শিল্প স্থাপন, ২০ হাজার লোকের কর্মসংস্থান ও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের ধারাকে ত্বড়ান্বিত করতে ও ভোক্তাদের জন্য সর্বোচ্চ মানের পণ্য সরবরাহে যুগান্তকারী অবদান রাখবে সিটি ইকোনমিক জোন-যা দেশী-বিদেশী বিনিয়োগের সমন্বয়ে গড়ে তুলবে সমৃদ্ধ বাংলাদেশ।’
অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাম্মদ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ ।

You must be logged in to post a comment.