নয়াপল্টনে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর নয়াপল্টনে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির একদল নেতাকর্মী অবস্থান করছিলেন। রাস্তার অপর পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। এসময় দুই পক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২৫ মিনিট থেমে থেমে ইট-পাটকেল ছোঁড়াছুড়ি হয় দুই পক্ষের মধ্যে।
সংঘর্ষের সময় আশপাশের বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে হতাহতের ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

You must be logged in to post a comment.