নেইমার-এমবাপ্পে-কাভানির উৎসবের রাত
গেল রাতটা যেন নেইমার, এডিসন কাভানি আর কিলিয়ান এমবাপ্পের। হবে না কেনো। এ সময়ের সবচেয়ে দামি আক্রমণভাগ হিসেবে পরিচিত নেইমারদের কাছে পাত্তাই পেল না স্কটল্যান্ডের সেল্টিক। তাদের মাঠেই সেল্টিককে ৫-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
মঙ্গলবার রাতে সেল্টিক পার্কে ‘বি’ গ্রুপের ম্যাচের ১৯তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করেন নেইমার। আদ্রিওঁ রাবিওর বাড়ানো বল ধরে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষক ক্রেইগ গর্ডনের মাথার উপর দিয়ে বল পাঠান জালে। ৪০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কাভানি। ক্রোয়েশিয়া ডিফেন্ডার ইয়োগো সিমুনোভিচ ডি-বক্সে তাকে ফাউল করলে স্পটকিক পায় পিএসজি।
বিরতির পরও আক্রমণ প্রতিহত করতে পারেনি সেল্টিক। ৮৩তম মিনিটে মিকায়েল লুস্তিগের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের। এর মিনেট দুয়েক পর লেইভিন কুরজাওয়ার ক্রসে দারুণ হেডে দলের পঞ্চম গোলটি করেন কাভানি।
এদিকে অন্য ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় আন্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। পর্তুগালের বেনফিকাকে ২-১ গোলে হারিয়েছে রাশিয়ার সিএসকেএ মস্কো। আর ইতালির রোমার মাঠ থেকে পয়েন্ট ভাগ করেই বাড়ি ফিরেছে স্পেনের আটলেটিকো মাদ্রিদ।

You must be logged in to post a comment.