নিখোঁজ উৎপল দাসের সন্ধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ
অনলাইন নিউজ পোর্টাল পূর্ব-পশ্চিম এর স্টাফ রিপোর্টার উৎপল দাসের সন্ধান না পেলে আগামী সোমবার থেকে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন সাংবাদিক নেতারা।এছাড়াও রাজধানীসহ সারাদেশে সাংবাদিকের ওপর পুলিশের হামলা-নির্যাতনমূলক মিথ্যামামলার প্রতিবাদ জানানো হয় সমাবেশে।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে উৎপল দাসের সন্ধানের দাবিতে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এ হুমকি দেন নেতারা।
বিক্ষোভ সমাবেশ ও রমানববন্ধনে সাংবাদিক নেতারা তরুন সাংবাদিক উৎপলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, এতদিন সাংবাদিকরা অন্যদের নিখোঁজ হওয়ার সংবাদ লিখে আসছেন। এখন তারা নিজেরাই এর শিকার। সাংবাদিক সমাজ উৎপলকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান।
সাংবাদিক নেতারা বলেন, উৎপলের নিখোঁজের একটি মাত্রই কারণ থাকতে পারে, তা হল সাংবাদিকতা। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, তারপরও উৎপলকে খুঁজে পাওয়া যাবে না?
তারা বলেন, উৎপলকে খুঁজে না পাওয়া পর্যন্ত সাংবাদিকরা আন্দোলন চালিয়ে যাবে। রাজপথ থেকে পিছু হটবে না। ২৯ বছর বয়সী সাংবাদিক উৎপল ৫০ দিন ধরে নিখোঁজ। তার পরিবার ও সহকর্মীরা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। একজন তরুণ এভাবে হারিয়ে যাবেন, তা মেনে নেয়া যায় না। উৎপলের নিখোঁজের কারণ যাই হোক, তাকে খুঁজে বের করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব।
সংগঠনের সভাপতি আলম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান কাজলের পরিচালনায় এসময় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, চট্রগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুর রহমান খোকন, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নোয়াখালী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মশিউর রহমান রুবেল প্রমুখ।

You must be logged in to post a comment.