দনিয়ায় সকল কাউন্সিলর প্রার্থীদের মতবিনিময় সভা
ডেমরা প্রতিনিধিঃ
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ৬০নং ওয়ার্ডের জনগণের সাথে কাউন্সিলর প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দনিয়ার শনির আখড়ার এস.আর শপিং কমপ্লেক্সের সম্মুখে এ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মোঃ খোরশেদ আলম শিকদারের সভাপতিত্বে একই মঞ্চে সকল কাউন্সিলর প্রার্থী ও মহিলা সংরক্ষিত আসনের প্রার্থীগণ উপস্থিত থেকে জনগণের সাথে মতবিনিময় করেন। এ সময়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঠেলাগাড়ী প্রতীকে লুৎফর রহমান মোল্লা, স্বতন্ত্র প্রার্থী ব্যাডমিন্টন প্রতীকে লায়ন মেহেদী হাসান, নাগরিক ঐক্য সমর্থিত প্রার্থী ও সাবেক মেম্বার টিফিন ক্যারিয়ার প্রতীকে হাসান মোহাম্মদ জাহাঙ্গীর, বিএনপি মনোনীত প্রার্থী রেডিও প্রতীকে মোঃ ইউসুফ আলী ভূঁইয়া, ৫৮, ৫৯, ৬০নং ওয়ার্ডে মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী আনাসর প্রতীকে শাহিদা বেগম, বর্তমান কাউন্সিলর চশমা প্রতীকে সুলতানা আহমেদ লিপি, বই প্রতীকে চায়না আক্তার সহ প্রত্যেক প্রার্থী নিজ নিজ প্রতীকে ভোট ও দোয়া চেয়ে ওয়ার্ডবাসীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। শরীফুল ইসলাম সঞ্জুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের সচেতন ভোটারবৃন্দ। এ সময়ে তারা বলেছেন, আগামী ১ তারিখের নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা নির্বাচিত করবো। যোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব তুলে দিলে সমাজের সর্বক্ষেত্রেই উন্নয়ন সাধিত হবে। জনগণ চায় শান্তি-শৃঙ্খলা বেষ্টিত একটি সুশীল সমাজ। তারা আরো বলেন, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ নানা দূর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আমরা বিজয়ী কাউন্সিলরের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। আমরা এ ওয়ার্ডেরই বাসিন্দা, ওয়ার্ডকে সুন্দর ও সুশৃঙ্খল করার দায়িত্ব আমাদেরও আছে।

You must be logged in to post a comment.