leadnewsডেমরা

ডেমরায় শিশু শিক্ষার্থী অপহরণ : গ্রেফতার ১

ডেমরানিউজঃ
ডেমরায় তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণের অপরাধে বাপ্পি শাহা (৩৫) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শুক্রবার রাতে ডেমরার কোনাপাড়া আল- আমিন রোডস্থ সামসুদ্দিনের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই বাড়ীর ভাড়াটিয়া মানিক কুমার দত্তের শালা ও নারায়ণগঞ্জের সদর থানার নগর খানপুরের ফনী ভূষণ শাহার ছেলে। এ বিষয়ে শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টায় ভুক্তভোগীর বাবা বাপ্পি শাহার বিরুদ্ধে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দীকি বলেন, শুক্রবার দুপুরে ওই মেয়ে শিশুটি তার ফুপাতো বড় বোনের সঙ্গে কোনাপাড়ায় একটি ফাস্টফুডের দোকানে আসে। পরবর্তীতে বাসায় ওই শিশুর প্রাইভেট শিক্ষিকা আসলে তার মা শিশুটির ফুপাতো বড় বোনকে ফোন করে বাসায় চলে আসতে বলেন। এ সময় ওই মেয়েটি তার ছোট বোনকে বাসার সামনে রেখে চলে যায়।

নূরে আলম সিদ্দীকি আরও বলেন, এ ঘটনায় একা পেয়ে পূর্বেই ওঁৎ পেতে থাকা লম্পট বাপ্পি ওই শিশুটিকে উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দুলাভাইয়ের বাসায় নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। এ সময় ওই কক্ষের দরজা বন্ধ করে বাপ্পি টয়লেটে গেলে মেয়েটি কৌশলে দরজা খুলে পালিয়ে পাশেই নিজের বাড়ীতে চলে আসে। পরক্ষণেই ওই শিশু তার পরিবারের লোকজনের কাছে বিষয়টি খুলে বললে পরে তারা থানায় মামলা করেন।