ডেমরায় মহিলা মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৪
ডেমরা নিউজ:ডেমরায় র্যাব- ১০’র স্পেশাল কোম্পানি ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) এয়ারপোর্ট জোনাল টিমের পৃথক অভিযানে মহিলা মাদক বিক্রেতাসহ ৪ মাদক চোরকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৫৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনি ও রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বড়ভাঙ্গা ও স্টাফ কোয়ার্টার এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- গাজীপুরের কালিয়াকৈর থানার কোনাবাড়ী গ্রামের মো.লাল মিয়ার মেয়ে ও মো. আরিফের স্ত্রী ইতি বেগম (২৫), শরীয়তপুরের নড়িয়া থানার চামটা গ্রামের মৃত আ: রউফের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৪), নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলাইয়াপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো. নুরুল কাদির (৩৬) ও কুমিল্লার মুরাদনগর থানার বোড়াচর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে রকি আহম্মেদ কাওসার (২০)। এ ঘটনায় মো. রাসেল ও মুক্তার হোসেন নামে আরও দুই জন পলাতক রয়েছে। এ বিষয়ে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনি ও রোববার রাতে পৃথক দু’টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে ডেমরা থানার ওসি এসএম কাওসার বলেন, উক্ত মাদক বিক্রেতাদের মধ্যে ইতি বেগমের কাছ থেকে ৩২৫ পিস ও বাকিদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা করা হয়। গ্রেফতারের পর সোমবার সকালে ইতিকে থানা আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

You must be logged in to post a comment.