ডেমরায় ডিএনডি ওয়াসার খালে গোসল করতে নেমে মেয়ে নিখোঁজ
ডেমরা নিউজঃডেমরায় ডিএনডি খালে ৪ বান্ধবী মিলে গোসল করতে এসে আকাশি (১৩) নামে এক মানসিক প্রতিবন্ধী মেয়ে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে ডেমরার বামৈল এলাকায় এ ঘটনা ঘটলেও ওই দিন সন্ধায় এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১১ টা পর্যন্ত তার সন্ধান মিলেনি। নিখোঁজ আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা বর্তমানে বামৈল এলাকায় ভাড়া থাকে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া বলেন, বুধবার দুপুরে বৃষ্টির সময় প্রতিবেশী ৩ খেলার সাথী নিয়ে ডিএনডি খালে গোসল করতে আসে আকাশি। খালে সাঁতার কাটার এক পর্যায়ে আকাশি দুর্বল হয়ে পড়লে তার খেলার সাথী জুঁইকে (৮) আকড়ে ধরে। এ সময় তারা দু’জনেই পানিতে ডুবে গেলে স্থানীয় একটি ছেলে বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশিকে খুঁজে পায়নি সে।
জাকারিয়া আরও বলেন, এ ঘটনায় আকাশির খেলার সাথিরা বাড়ীতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে বিকালে আকাশির মা-বাবা তাকে খুঁজে না পেয়ে জুঁইসহ তার বান্ধবীদের জিজ্ঞেস করলে জুঁই ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পরও আকাশির সন্ধান মিলেনি। রাত ১২ টা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। অন্যথায় বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাবে।

You must be logged in to post a comment.