leadnewsডেমরা

ডেমরায় ছিনতাইকারী গ্রেফতার

ডেমরা নিউজঃ ডেমরায় অমিত সেন (১৯) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন, নগদ ৬ হাজার টাকা ও ১টি পাথরের আংটি উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার বিকালে ডেমরার গলাকাটা ব্রীজ সংলগ্ন আল আকসা রোলিং মিল সংলগ্ন পাকা রাস্তা থেকে অমিতকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কুদ্দুস। অমিত ডেমরার বকুলতলা এলাকার সেলিমের বাড়ীর ভাড়াটিয়া চট্টগ্রামের হাটহাজারী থানার বাঁশখালী গ্রামের মৃদুল সেনের ছেলে। এ বিষয়ে শনিবার রাতে ওই ছিনতাইকারীর কবলে পড়া ভুক্তভোগী ঢাকার সবুজবাগ থানাধীন মাদারটেক উত্তরপাড়ার মো. ওসমান গনির ছেলে মো. আরিফ হোসেন প্রান্ত গ্রেফতার অমিতের বিরুদ্ধে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, মাদারটেকের বাসিন্দা আরিফ হোসেন প্রান্ত গত শনিবার আল আকসা রোলিং মিল সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অমিত সেন ও তার দুই সহযোগী মিলে প্রান্তের গতিরোধ করে রাস্তার নিচে নামিয়ে হকি স্টিক দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার সব ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রান্ত চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থলে এলাকাবাসী জড়ো হয়। এ সময় টহলরত পুলিশ অমিত সেনকে গ্রেফতার করে।