leadnewsডেমরা

ডেমরায় আলোচিত দোলা ও নূসরাত ধর্ষণের পর হত্যা মামলার দুই আসামির মৃত্যুদণ্ড

ডেমরায় দুই শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ০৩ মার্চ (মঙ্গলবার) সকালে এ রায় ঘোষণা করেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করানো হয়। রায় ঘোষণার পর তাদেরকে আবার কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোলাম মোস্তফা ও তার ভাই আজিজুল বাওয়ানী শিশু নুসরাত ও দোলাকে লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার কথা বলে তাদের বাসায় ডেকে নেয়। পরবর্তীতে তারা দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশু দোলাকে গলা টিপে হত্যা করে। এরপর নুসরাতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শিশু দুটির লাশ ঘরটির খাটের নিচে রাখা হয়।
নিহত শিশুরা হল- ডেমরার শাহজালাল রোডের এসি গলির মৃত কালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া পটুয়াখালীর দশমিনা থানার আলীপুরা গ্রামের মো. ফরিদুল ইসলামের মেয়ে ফারিয়া আক্তার দোলা (৫) ও ওই এলাকার রশিদের বাড়ির ভাড়াটিয়া ঝালকাঠি থানার বাউকান্দি গ্রামের পলাশের মেয়ে নুসরাত জাহান (সাড়ে ৪)।
উল্লেখ্য, গত বছরের ৭ জানুয়ারি ডেমরার একটি বাসায় খাটের নিচ থেকে নুসরাত ও দোলার লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।