ডেমরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু:বাড়ির মালিক ও ৩ মেয়েসহ আটক ৪
ডেমরা নিউজ:ডেমরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিয়ান (৮) ও রায়হান (৩) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার দুপুর দেড় টার দিকে ডেমরার বামৈল পশ্চিমপাড়া ব্যাংক কলোনী মৃত ইসমাইল মুহরির বাড়ীতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়ীর মালিকদের বিরুদ্ধে বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, তারা আম ও অন্যান্য ফল চুরি প্রতিরোধে বাড়ীর সকল গাছে বৈদ্যুতিক তারের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ স্থাপন করেছে। এদিকে গত ২ দিন অগেও বিদ্যুতায়িত হয়ে দুই কুকুর মারা যায় ওই বাড়ীতে। এ বিষয়ে এলাকাবাসী বাড়ীর মালিকদের জানালে ওই বাড়ীর দুই ছেলে দিপু ও টিপু দাম্ভিকতা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যায়। এ ঘটনায় খবর পেয়ে ওই বাড়ির মলিকের স্ত্রী জাহানারা বেগম (৬৫)ও তার মেয়ে অ্যাডভোকেট নিপা আক্তার (৪০), জেরা (৩০) ও সারা (২০) নামে ৩ জনকে আটক করে ডেমরা থানা পুলিশ। এদিকে ওই বাড়ীর ২ ছেলে দিপু ইসলাম (৪০) ও টিপু ইসলাম (৩৫) পলাতক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসি চাই বলে স্লোগান দিয়ে ওই বাড়ীতে ইট পাটকেল ছুড়ে ভাঙচুর করেন।
মৃত দুই শিশুর মা এনি বেগম জানায়, তিনি তারকাটার একটি কারখানায় কাজ করেন। তার স্বামী মারফত আলী পেশায় একজন ভ্যান চালক। তারা ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা। বুধবার সকালে এনি বেগম তার দুই ছেলেকে নিয়ে কারখানায় কাজে যান। এ সময় খেলার ছলে আরিয়ান ও রায়হান ওই বাড়ীতে আম পাড়তে গেলে তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই গাছের সঙ্গে একজনের নিচে একজন ঝুলে থাকে। এ ঘটনা দেখতে পান প্রতিবেশী ইয়াছির আরাফাত নাম এক রাজমিস্ত্রী। তিনি ওই দুই শিশুকে গাছের নিচে ঝুলে থাকতে দেখে তাদের মাকে খবর দিলে দ্রুত মা সন্তানদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় ওখানকার কর্তব্যরত ডাক্তার শিশুদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রী ইয়াছির আরাফাত জানায়, কাজ শেষে বাড়ী ফিরে জানালা দিয়ে দেখি দুই শিশু আম গাছের সঙ্গে ঝুলে আছে মৃতের মতো। পরে আমি চিৎকার শুরু করলে তার মা পার্শ্ববর্তী কারখানা থেকে খবর পেয়ে শিশুদের উদ্ধার করেন।
এ বিষয়ে ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদ বলেন, অম ও বিভিন্ন ফল চুরি প্রতিরোধে গাছে বিদ্যুৎ স্থাপন করা খুবই ভয়বহ একটি কাজ যা মোটেও ওদে;র উচিত হয়নি। এই চরম অপরাধের কারণে দু’টি কোমলমতি শিশু আজ মারা গেল। ওদের সঠিক বিচার হওয়া উচিত। মৃত বড় ছেলে আরিয়ান মাদ্রাসায় ১ম শ্রেণীতে পড়াশোনা করে বলে শুনেছি।
এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিিউশন কোম্পানি লি: এর ডেমরা শাখার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে ওই বাড়ীর বিদ্যুতের সার্ভিস তার কেটে দেওয় হয়েছে। তাদের লাইন অবৈধ কিনা তা যাচাই বছাই করা হচ্ছে।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গাছে বিদ্যুৎ দিয়ে দু’টি হত্যার অভিযোগটি অত্যন্ত অমানবিক ও পাষন্ড কাজ। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা জরুরী ভিত্তিতে গ্রহন করা হবে।

You must be logged in to post a comment.