উগান্ডায় বিরোধী দলীয় নেতাদের রাজনৈতিক কার্যালয়ে ঢুকতে বাধা
উগান্ডার প্রধান বিরোধী দলীয় নেতা ববি ওয়াইন অভিযোগ করেছেন তার দল ভোট কারচুপির বিরুদ্ধে আইনি লড়াই করতে চান কিন্তু পুলিশ দলের নেতাদের দলীয় কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে ববি ওয়াইনের রাজনৈতিক দল ‘জাতীয় ইউনিটি প্লাটফর্মের’ মুখপাত্র জোয়েল সেনিওনি জানান, সোমবার ভোরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে হানা দেয়। তারা ট্রাফিক সরিয়ে নেয় এবং লোকজনকে কার্যালয়ে ঢুকতে বাধা দেয়।
এর আগে গত শনিবার টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন চেয়ারম্যান সাইমন মুগেনিই বাইবাকামা উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে ইওয়েরি মুসেভেনিকে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ইওয়েরি মুসেভেনি ৫.৮৫ মিলিয়ন ভোট বা ৫৮.৬৪ শতাংশ ভোট পেয়েছেন। আর প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন ৩.৪৮ মিলিয়ন বা ৩৪.৮৩ শতাংশ ভোট পেয়েছেন।
ববি ওয়াইন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ফল বাতিলের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দেন। কিন্তু নির্বাচনের দিন ভোট দেয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ববি ওয়াইনকে গৃহবন্দী করে রাখে। সেনাবাহিনীর প্রধান এই ঘটনাকে ববি ওয়াইনের নিরপত্তার জন্যই করা হয়েছে বলে দাবি করেন।
ববি ওয়াইনের দল সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যালট বক্স পূর্ণ করা, জালভোট দেয়া এবং ভোটকেন্দ্র থেকে ভোটারদের তাড়িয়ে দেবার ভিডিও প্রমাণ আছে বলে দাবি করছেন। মেডার্ড সেসেগোনা নামে ববি ওয়াইনের রাজনৈতিক দলের আইনজীবি বলেন, তিনি আশঙ্কা করছেন পুলিশ রাজনৈতিক কার্যালয়ে থাকা ভোট জালিয়াতির প্রমাণ নষ্ট করবে।
তবে মুসেভিনি ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে উগান্ডার স্বাধীনতার পর সবথেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
যদিও নির্বাচনকে সামনে রেখে উগান্ডায় ব্যাপক সহিংসতা হয়। পুলিশ বিরোধী দলীয় নেতা ও সমর্থকদের গ্রেপ্তার করে। দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করা হয়। এদিকে, টানা পাঁচদিন ইন্টারনেট বন্ধ শেষে সোমবার ফের ইন্টারনেট চালু করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমিত প্রবেশাধিকার রয়েছে।

You must be logged in to post a comment.